
নিউজ ডেস্ক: খাগড়াছড়িতে হরতাল চলাকালে বাস টার্মিনাল এলাকার চিত্র জাতীয় সংসদে পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইন পাস করার প্রতিবাদে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ৫টি বাঙালি সংগঠনের ডাকে হরতাল চলছে।
আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে হরতালের সমর্থনে মাঠে নামে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য সম-অধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ, ও পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদের নেতাকর্মীরা।
হরতালের কারণে রাঙামাটি শহরের সকল দোকান পাট বন্ধ রয়েছে। জেলার বাইরে ও অভ্যন্তরীণ রুটে কোনো যানবাহন চলাচল করছে না। অভ্যন্তরীণ ৬টি নৌ-রুটেও সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ স্থানে পিকেটিং করতে দেখা গেছে বাঙালি সংগঠনের নেতাকর্মীদের। অন্যদিকে হরতালে নাশকতা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধন আইন ২০১৬ পাস করায় ৫টি বাঙালি সংগঠন ১৩ অক্টোবর সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডাকে। তাছাড়া ১৬ অক্টোবর আবারও ২৪ ঘণ্টা হরতালের ডাক দেয় ওই সংগঠনের নেতারা।