
নিউজ ডেস্ক : বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ফেনী আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তার সঙ্গে থাকবেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রধান মেজর জেনারেল আজিজ আহম্মদ।ফেনীর জয়লষ্কর ০৪ বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক মেজর কাজী ওবায়দুর রেজা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজিবি প্রধান সকালে জেলার ফুলগাজী থানার মজুমদার হাট বিওপি পরিদর্শন করবেন। এরপর তার পরশুরাম থানায় অবস্থিত বাংলাদেশ-ভারতের সীমানা বিরোধকৃত মুহুরীর চর পরিদর্শন করার কথা রয়েছে।
এদিকে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার জানান, ইতোমধ্যে তারা মুহুরীর চর এলাকা পরিদর্শন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পরশুরামের মুহুরীর চরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমানা নির্ধারণ হলেও নিজেদের জমিতে যেতে পারছেন না বাংলাদেশিরা। ভারতের পক্ষ থেকে স্থায়ী পিলার নির্মাণের সম্মতির অভাবে মুহুরীর চর সমস্যার সমাধান ঝুলেই রয়েছে। স্থানীয়রা মনে করছেন এবার হয়তো একটা সমাধান হবে। তারা দু’দেশের কর্তা ব্যক্তিদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৪২ বছর ধরে সীমানা বিরোধের ঝামেলায় পড়ে আছে চরটি। বিরোধপূর্ণ সীমান্ত সমস্যার সমাধান না হওয়ার সুযোগে চোরাকারবারীরা নিরাপদ পয়েন্ট হিসেবে ব্যবহার করছে মুহুরীর চরকে। এতে জঙ্গি তৎপরতা ও মাদকপাচারসহ বিভিন্ন সীমান্ত সমস্যার ঝুঁকিতে রয়েছে দু’দেশ। চলতি বছরের আগস্ট মাসে মুহুরীর চর থেকে ৫ নাইজেরিয়ান নাগরিককে আটক করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।
বিজিবির সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭৪ সালে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন (জেআরসি) আবারও মধ্য স্রোতকে উভয় দেশের সীমানা হিসেবে নির্ধারণ করে। এরপর ১৯৭৬ সালে ভারত নিজ অঞ্চলের সীমান্ত শহরে বিলোনীয়াকে নদী ভাঙন থেকে রক্ষার কথা বলে প্রথমে বাংলাদেশ সীমান্তের কয়েকশ’ মিটার উজানে গ্রোয়েন নির্মাণ করে। তখন থেকে মুহুরী নদীর গতিপথ পূর্ব থেকে পশ্চিমে মোড় নিতে শুরু করে।
পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তের ২১৫৯ পিলার থেকে স্থলবন্দরের ২১৬০ পিলার পর্যন্ত মাঝখানে প্রায় ৪৭টি সাবপিলার নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় প্রায় ৯২ একর সম্পত্তি বিরোধপূর্ণ মুহুরীর চর হিসেবে অবস্থিত।
দীর্ঘদিনের বিরোধপূর্ণ মুহুরীর চরের ২.৫ কিলোমিটার সীমান্ত এলাকা চিহ্নিত করা যায়নি। ২০১১ সালে বাংলাদেশ জরিপ অধিদপ্তর এ সীমানা চিহ্নিত করতে জরিপ পরিচালনা করলেও তা ফলপ্রসু হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
সর্বশেষ ২০১৪ সালের জানুয়ারি মাসে উভয় দেশ মুহুরীর চরে জরিপ পরিচালনা করে। বাংলাদেশের পক্ষে যৌথ জরিপ দলের স্থাপন করা অস্থায়ী পিলারের জায়গায় স্থায়ী পিলার স্থাপনের প্রস্তাব দেওয়া হলেও ভারতের সাড়া মেলেনি।
ফেনীর জয়লষ্কর ০৪ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক কাজী ওবায়দুর রেজা জানান, মুহুরীর চরে অস্থায়ী পিলার রয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে এ সমস্যা সমাধানের লক্ষ্যে দু-দেশের মধ্যে বিষয়টি আলোচনাধীন রয়েছে।