
নিউজ ডেস্ক : আগামী ২২-২৩ অক্টোবর অনুষ্ঠেয় এই সম্মেলনে ইতোমধ্যে কাউন্সিলর হিসেবে নাম এসেছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববির।রংপুর আওয়ামী লীগের নেতা-কর্মীরা জয়কে কাউন্সিলর নির্বাচিত করেছেন। ববিকে কাউন্সিলর করেছেন ঢাকা মহানগর উত্তর শাখা।
শেখ রেহানা ও পুতুল ঢাকা দক্ষিণের হয়ে জাতীয় কাউন্সিলে প্রতিনিধিত্ব করবেন বলে বুধবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, “বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও সায়মা হোসেন পুতুল ঢাকা দক্ষিণের বাসিন্দা। “উনাদের সম্মানার্থে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকের অনুমতি নিয়ে আমাদের কাউন্সিলর তালিকা প্রস্তুত করেছি।”
“মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা আপা ও আমাদের নেত্রীর মেয়ে সায়মা হোসেন পুতুল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কাউন্সিলর লিস্টে এক, দুই ও তিন নম্বরে রয়েছেন।”
দুই-এক দিনের মধ্যে জাতীয় সম্মেলনে ঢাকা দক্ষিণের কাউন্সিলরদের তালিকা জমা দেওয়া হবে বলে জানান মুরাদ। সম্মেলনে নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা কাউন্সিলরদের হাতেই থাকে। তাদের ভোটেই কমিটি গঠিত হয়।
দলীয় সভানেত্রী হিসেবে শেখ হাসিনা স্বাভাবিকভাবেই কাউন্সিলে থাকবেন। বঙ্গবন্ধু পরিবার থেকে এবার জাতির জনকের মেয়ে শেখ রেহানা এবং নাতি-নাতনী মিলিয়ে আরও চারজন কাউন্সিলে যাচ্ছেন।
এ বিষয়ে কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক হানিফ বলেন, “বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা, শেখ রেহানা আওয়ামী লীগের কাউন্সিলর হয়ে সম্মেলনে যোগ দিবেন এটা আমাদের অনেক বড় প্রাপ্য। আর উনাদের সাথে সায়মা ওয়াজেদ পুতুলও কাউন্সিলর হয়ে যোগ দিচ্ছেন।”
মনোরোগ বিশেষজ্ঞ পুতুলের শ্বশুর খন্দকার মোশাররফ হোসেন বর্তমান মন্ত্রিসভায় স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাওয়া পুতুল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এসোসিয়েশন অব স্কুল সাইকোলজিস্টস-এর সদস্য।