
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদক বিক্রেতা সন্ত্রাসীদের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। ওই সময়ে গুলিভর্তি পিস্তলসহ সজীব (২৯) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ফতুল্লার সস্তাপুর এলাকায় ওই ঘটনাটি ঘটে ।
গ্রেপ্তারকৃত সজিব ফতুল্লার সস্তাপুর এলাকার মমতাজ মিয়ার ছেলে। মমতাজও ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সজিবের নামে ফতুল্লা মডেল থানায় মাদক, অস্ত্রসহ ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে অংশ নেওয়া ফতুল্লা মডেল থানার এএসআই রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার উত্তর সস্তাপুর এলাকায় মাদক উদ্ধারের সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী সজিব তার ঘর থেকে পরপর দুই রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় আমিও আমার পিস্তল থেকে দুই রাউন্ড গুলি ছুঁড়ি ।
এতে সজিব ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ৭ পয়েন্ট ৬৫ বোরের পিস্তলসহ গ্রেপ্তার করি। এসময় তার পিস্তল থেকে ১টি তাজা গুলি ও তার ঘর থেকে ২টি গুলির খোসা উদ্ধার করি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ফতুল্লা মডেল থানার সিনিয়র এএসপি শরফুদ্দিন আহমেদ ।