
নিউজ ডেস্কঃ চলতি বছরে এ পর্যন্ত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সীমান্তে ২৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ ।
একই সময়ে গরু চোরাচালানীদের হাতে ৩জন নিহত ও আহত হয়েছেন ১৫৭ জন। ৬ ভারতীয় চোরাচালানিও নিহত হয়েছেন। সীমান্ত সম্মেলন চলাকালীন ৪ জন বাংলাদেশি বিএসএফের গুলিতে নিহত হন ।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় পিলখানায় বিজিবি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মলনে এসব জানান মেজর জেনারেল আজিজ আহমেদ। নন লেথাল ওয়েপন (মারণঘাতী নয়) অস্ত্র ব্যবহার করে বিএসএফ। তবুও কিভাবে সীমান্তে বাংলাদেশি মানুষ মারা যায়- তা জানতে চাইলে বিজিবি ডিজি বলেন, বিএসএফ সব সময় অজুহাত দেয় আত্মরক্ষার্থে তারা গুলি চালাতে বাধ্য হয়। কিন্তু আমরা তা মানতে রাজি নই। সম্মেলনে এ ব্যাপারে আলোচনা হয়েছে ।
বিজিবি মহাপরিচালক বলেন, তাদের আমরা বলেছি, আমরা লেথাল ওয়েপন ব্যবহার করি। বিএসএফ নন লেথাল ওয়েপেন ব্যবহার করে। মরলে আমাদের হাতে মরবে। কিন্তু তা হচ্ছে না।
বাংলাদেশি যারা মারা যাচ্ছে তাদের মাথায় বুকে গুলির চিহ্ন দেখেছি। সুতরাং তাদের আত্মরক্ষার্থে গুলি চালানোর বক্তব্য অজুহাত মাত্র। সীমান্তে নিহতদের ৯৫ শতাংশ গরু চোরাচালানি বলেও জানান তিনি ।