
আন্তর্জাতিক ডেস্কঃ এবছর দুর্গা পূজার সপ্তমী তিথিতে ত্রিপুরাবাসীকে বিশেষ উপহার দিলেন ভারত সরকারের রেলওয়ে মন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগরতলা থেকে কলকাতার মধ্যে চালু হচ্ছে যাত্রী ট্রেন পরিষেবা ।
আগামী ৮ই অক্টোবর (শনিবার) সপ্তমীর সকাল থেকে আগরতলা ও কলকাতার শিয়ালদা স্টেশনের মধ্যে চালু হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। গতকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মহাকরণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ত্রিপুরার পরিবহন দফতর মন্ত্রী মানিক দে ।
ভারত সরকারের রেলওয়ে মন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু এক চিঠিতে তাকে তথ্য জানিয়েছেন বলেও জানান। ট্রেনটি সপ্তাহে শনিবার ও বুধবার স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় আগরতলা ছাড়বে এবং কলকাতা থেকে রোববার ও বৃহস্পতিবার আগরতলা আসবে ।
আগরতলা ও কলকাতার মধ্যে সরাসরি যাত্রী ট্রেন পরিষেবা চালু হওয়ায় সাধারণ মানুষের বিশেষ সুবিধা হবে ।