
নিউজ ডেস্কঃ রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনা না করেই আওয়ামিলীগ সরকার অপরাধীদের শাস্তি দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন ।
স্ট্যাটাসে জয় লিখেছেন, ‘বদরুলকে ঘটনা ঘটার সাথে সাথেই গ্রেফতার করা হয়েছিলো। আমাদের আওয়ামিলীগ সরকার ধারাবাহিকভাবে অপরাধীদের রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনা না করেই শাস্তি দিয়েছে। বিশ্বজিত থেকে খাদিজার আক্রমণকারী কেউই রক্ষা পাবে না। এমনকি বাংলাদেশ আওয়ামিলীগের সংসদ সদস্য থেকে শুরু করে তাদের সন্তানাদিও গ্রেফতার এড়াতে পারেনি। শুধু মাত্র আওয়ামিলীগ ছাড়া বাংলাদেশের অন্য কোনো সরকার এমন কাজ করে দেখাতে পারেনি ।
কেউ কেউ এমন নোংরা ছড়ায় যে আমরা শুধুমাত্র আওয়ামিলীগের বিরোধিতাকারিদেরই গ্রেফতার করে আসছি। এটি মিথ্যা প্রচারণার আরেকটি প্রচেষ্টা মাত্র। আমরা শুধুমাত্র অপরাধীদেরই গ্রেফতার করি যারা মানুষের উপর আক্রমণ করে; যারা মানুষ পুড়িয়ে মারে; যারা হত্যা প্লটে জড়িত কিংবা যারা সামরিক অভ্যুত্থান জড়িত।
এটা হচ্ছে তাই, যা করা উচিত। আমাদের আইন মেনে চলা একটি জাতি হিসেবে পরিণত হওয়া উচিত ।
কেউই আইনের ঊর্ধ্বে না; সে যেই হোক -ক্ষমতাসীন দলের কোন সদস্য;বিরোধীদলের কোন সদস্য, সুশীল সমাজ, সাংবাদিক কিংবা ব্যবসায়ী।’ এছাড়া তিনি স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের সংবাদ শেয়ার করেন। যার শিরোনাম ‘কোনো অপরাধীকে প্রশ্রয় দিচ্ছি না: হাসিনা ।’