
নিউজ ডেস্কঃ আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ৪১৬টি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার ৩২১টি ভবন, খুলনার ৪০, সিলেটের ৩১, চট্টগ্রামের ২৪টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। সংশ্লিষ্ট সিটি করপোরেশনের সহযোগিতায় এগুলো আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে ভেঙে ফেলার জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল। তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভাঙার পাশাপাশি বাংলাদেশ সচিবালয়ের ৪ নম্বর ভবন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভবন, ঢাকা মেডিক্যাল কলেজ, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, সিলেট মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজসহ মোট ১০টি ভবনকে আধুনিক প্রযুক্তিসম্মত ব্যবস্থা গ্রহণ করে শক্তিশালী করারও অনুরোধ জানানো হয়েছে। এই ভবনগুলো পুরনো হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৩ই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবারের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।
শাহ কামাল জানান, ১১ এবং ১২ই অক্টোবর দুর্গাপূজা ও মহররমের ছুটি থাকার কারণে বাংলাদেশ দিবসটি পালন করবে ৯ই অক্টোবর রবিবার। ওই দিন রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এছাড়াও ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় জনগণকে সচেতন করতে বাংলাদেশ সচিবালয় ওই দিন একটি মহড়া অনুষ্ঠিত হবে। এই মহড়াকে ঘিরে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান তিনি। উদ্ধার ও সচেতনতামূলক এই দুইটা পর্যায়ে এই মহড়া হবে। এ জন্য সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি ।