
নিউজ ডেস্কঃ অভিযানের নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা হয়রানি করছে, যা কাম্য নয় বলে মন্তব্য করেছেন গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ।
আজ বুধবার (০৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিনিস্টার অ্যাপার্টমেন্টে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, দুদক কর্মকর্তারা সরকারি অফিসে ঢুকেই কর্মকর্তাদের পকেটে হাত দেয়, হয়রানি করে। এটা কাম্য নয় ।
সরকারি কর্মকর্তাদের কাজে স্বাধীনতা দেয়া উচিত। তবে যদি নির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে অভিযান পরিচালনা করা উচিত। কিন্তু অভিযানের কারণে যাতে হয়রানি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ।
অন্যদিকে মন্ত্রীদের অ্যাপার্টমেন্ট সম্পর্কে তিনি বলেন, মন্ত্রীদের জন্য যে ৬টি ভবন হচ্ছে তার প্রতিটিতে ৫টি অ্যাপার্টমেন্ট হবে। এসব অ্যাপার্টমেন্টে ফার্নিচারও দেয়া হবে যাতে মন্ত্রীদের নতুন করে নিয়ে আসা না লাগে। ২০১৮ সালের মধ্যেই এসব অ্যাপার্টমেন্টের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী ।
গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মন্ত্রীদের এসব অ্যাপার্টমেন্টের প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৪৭ লাখ। আর প্রকল্প সময় নির্ধারণ করা হয়েছে ২৪ মাস ।