
নিউজ ডেস্কঃ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্য ৩ ভাই বোন গতকাল যশোরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। জেলা পুলিশ সুপার আনিসুর রহমান জানান, এর আগে আরো ৪জন সদস্যের আত্মসমর্পণের পরই ৩জনও আজ (সোমবার) পুলিশের কাছে এসে বলেছেন তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে আগ্রহী ।
"তারা আমাদের বলছে এরকম পালিয়ে পালিয়ে বেড়ানোর জীবন তাদের পছন্দ হচ্ছেনা। তারা বলেছে তারা সাধারণ জীবনে ফিরতে চায়।" জঙ্গিদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্যে পুলিশের পক্ষ থেকে আহবান জানানোর কয়েক মাস পরেই হিযবুত তাহরীরের এই ৩ সদস্য আত্মসমর্পণ করলো। পুলিশ সুপার জানান, বড় বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। ছোট দুই ভাইয়ের একজন যশোরের একটি কলেজে পড়তেন। অন্যজন পলিটেকনিক থেকে পাশ করা। তাদের বাবা প্রবাসী। মিশরে একটি গার্মেন্ট কারখানায় কাজ করেন ।
বছর দেড়েক আগে সুনির্দিষ্ট মামলায় পুলিশ এই ৩ ভাইবোনকে গ্রেপ্তার করেছিলো। সে সময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই, পুস্তিকা পাওয়া যায়। আদালত থেকে এরা ৩জনই পরে জামিন পায়। এসপি আনিসুর রহমান বলেন পুলিশ এই্ জামিনের কথা জানতো না। "জানার পর থেকে আমরা তাদের ধরার চেষ্টা করতে থাকি। তারাও পালিয়ে বেড়াচ্ছিলো ।"
স্বাভাবিক জীবনে ফিরে আসতে পুলিশ কীভাবে তাদের সাহায্য করবে? এই প্রশ্নে এসপি আনিসুর রহমান সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি। বলেন, "আইনের আওতায় যতটা সাহায্য করা যায়, সেটাই করবো।"
তবে আটক এই ৩ ভাই-বোনকে পুলিশ আদালতে হাজির করবে ।