News71.com
 Bangladesh
 03 Oct 16, 08:05 PM
 360           
 0
 03 Oct 16, 08:05 PM

দল গোছাতেই নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করা হয়েছে ।। এইচএম এরশাদ

দল গোছাতেই নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করা হয়েছে ।। এইচএম এরশাদ

নিউজ ডেস্কঃ দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের জন্য নয়, দল গোছাতেই সিলেটের হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করা হয়েছে।

রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের পালিচড়ায় সোমবার (৩ অক্টোবর) দুপুরে মায়ের নামে প্রতিষ্ঠিত মজিদা খাতুন মহাবিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম মিলনায়তন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, বিএনপির শাসনামলে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি। ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। ক্ষমতায় থাকতে বিএনপি আমার এবং দলের ওপর যে অন্যায় করেছে তার ফল এখন তারা ভোগ করছে। তাদের অস্তিত্ব এখন সংকটে। মামলার ভয়ে নেতাকর্মীশূন্য হয়ে পড়েছে দলটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকবে এ বিষয়ে জাতীয় পার্টির অবস্থান কী সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকবে কি না তা আমার থেকে প্রধানমন্ত্রীই ভালো জানেন।

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা এবং অভ্যন্তরীণ সংকটের বিষয়টি উভয়দেশের দ্বিপাক্ষিক বিষয় মন্তব্য করে জাপাপ্রধান এরশাদ বলেন, পাকিস্তান সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত ঘোষণা করলেও এতে সার্কের কোনো ক্ষতি হবে না। পাকিস্তানে না হলেও অন্য কোথাও সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে ৩দিনের সফরে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে আসেন এরশাদ। পরে সড়কপথে কলেজের অনুষ্ঠানে যোগ দেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন