
নিউজ ডেস্কঃ গবেষণা ও উচ্চশিক্ষায় সহায়তা তথা বৃত্তি প্রদানের বিধান করে আজ সংসদে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (সংশোধন) বিল ২০১৬ পাস করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি পাসের প্রস্তাব করেন ।
বিলে বিদ্যমান আইনের শিরোনাম, প্রস্তাবনায়, ধারা ২ এবং ধারা ৯ এ সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে শিরোনাম, প্রস্তাবনা ও ৯ ধারায় স্নাতকোত্তর পর্যায়ে উচ্চতর গবেষণার জন্য ফেলোশিপ ও বৃত্তি প্রদানের বিধান করা হয়েছে ।
এছাড়া বিদ্যমান আইনের ধারা ২ এর দফা (ঘ) এর পর পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থ বলবৎ কোন আইনের ধারা বা আইনের অধীন সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত কোন বিশ্ববিদ্যালয় এবং এ আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয় বলে ঘোষিত কোন ইনস্টিটিউটও এর অন্তর্ভুক্ত হবে শীর্ষক (ঘঘ) দফা সন্নিবেশ করা হয় ।
জাতীয় পার্টির ফখরুল ইমাম, কাজী ফিরোজ রশীদ, নুরুল ইসলাম ওমর, নুরুল ইসলাম মিলন, বেগম রওশন আরা মান্নান, স্বতন্ত্র সদস্য মোঃ রুস্তম আলী ফরাজী ও আবদুল মতিন বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায় ।