
নিউজ ডেস্কঃ দেশের সব নিম্ন আদালত, বিচারকের বাস ভবনসহ বিচার বিভাগের সব ককর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয় ।
আজ রোববার (০২ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত্র আদেশ জারি করা হয়। আইন মন্ত্রণালয়ের ওই আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের আইজিপি, র্যাব মহাপরিচালক, সকল পুলিশ কমিশনার এবং দেশের সব আদালতে পাঠানো হয়েছে ।
আদেশে বিচারক এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অনুরোধ জানানো হয়েছে। আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এই বিষয়টি নিশ্চিত করেন ।
এর আগে গত ১৪ই জুলাই জঙ্গি হামলার ঘটনায় আদালতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে চিঠি দিয়েছিল সুপ্রিম কোর্ট। ওই চিঠির দেড় মাস পর আজ রোববার (০২ অক্টোবর) দেশের প্রত্যেক আদালতের সার্বিক নিরাপত্তা জোরদারের জন্য আদেশ জারি করল আইন মন্ত্রণালয় ।
আদেশে বলা হয়, সুপ্রিম কোর্টের চিঠিতে উল্লেখ রয়েছে যে, ‘সাম্প্রতিক বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশের সব অধঃস্তন আদালতের বিচারক, কর্মচারী ও আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা বিষয়ে প্রধান বিচারপতি গভীরভাবে উদ্বিগ্ন ।
প্রধান বিচারপতির পক্ষ থেকে সরকারের সর্বোচ্চ পর্যায়ে এ উদ্বেগের বিষয় অবহিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করা হয়েছে ।