
নিউজ ডেস্ক : রাজশাহীর কাশিয়াডাঙ্গা মোড়ে ট্রাকের ধাক্কায় আহত রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) উপ-পরিদর্শক (এসআই) এবিএম আজাহার আলী (৪২) মারা গেছেন। আজাহার আলী রাজশাহীর বাগমারা উপজেলা ধানশীপাড়া গ্রামের মৃত ওহাদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাশিয়াডাঙ্গা রাস্তা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে আহত হন আজাহার আলী।
এ প্রসঙ্গে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, চালক পালিয়ে গেছে, তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় রাজাপাড়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতির চলছে। নিহত এসআই’র মরদেহ রামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে ।