
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার বিকাল ৪টায় গণভবনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন। সম্প্রতি কানাডা ও যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা তুলে ধরতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের ৭১তম অধিবেশন এবং মন্ট্রিয়েলে জিএফ সম্মেলনে যোগদানসহ যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে গত শুক্রবার সন্ধ্যায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ কর্তৃক প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন ও এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন। এ অ্যাওর্য়াড প্রাপ্তির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন হিসাবে জাতিসংঘ উইমেন স্বীকৃতি পেলেন। প্রধানমন্ত্রী কানাডার উদ্দেশে গত ১৪ই সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন। লন্ডনে একদিন অবস্থানের পর তিনি মন্ট্রিয়েলে ফিফথ রিপ্লেসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবালফান্ড (জিএফ) এ যোগ দেন।
১৬ই সেপ্টেম্বর মন্ট্রিয়েলের হায়াত রিজেন্সিতে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দেওয়া নৈশভোজে অংশ নেন। সম্মেলনের সমাপনী অধিবেশনের পর কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
কানাডা সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ই সেপ্টেম্বর দুপুরে এয়ার কানাডার একটি ফ্লাইটে নিউইয়র্ক পৌছান। ১৯ই সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরে উদ্বাস্তু ও অভিবাসনের উপর সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের প্ল্যানারি বৈঠকে ভাষণ দেন তিনি। তিনি ২০ই সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের সাধারণ আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পরে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আয়োজিত কাউন্টার টেররিজমের উপর এশিয়ান লিডার্স ফোরামের বৈঠকে অংশ নেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আয়োজিত উদ্বাস্তু বিষয়ক একটি বৈঠকেও যোগ দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ২২শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের সাধারণ আলোচনায় বক্তব্য রাখেন। পরে নিউইয়র্কে হোটেল গ্র্যান্ড হায়াতে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। শেখ হাসিনা ২২শে সেপ্টেম্বর ভার্জিনিয়ার উদ্দেশে নিউইয়র্ক ছাড়েন। সফরের সর্বশেষ কর্মসূচিতে বুধবার সেখানে বাংলাদেশিদের দেওয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি যোগ দেন। ২৬শে সেপ্টেম্বর দেশে ফেরার কথা থাকলেও পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটানোর জন্য তা পিছিয়ে যায়।