
নিউজ ডেস্কঃ পাবনা শহর থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব। পরে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। অস্ত্র ব্যবসায়ী দুজন হলেন পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া মহল্লার মৃত বকশ সরদারের ছেলে মোকাররম হোসেন ওরফে মোকাই (৪৫) ও শালগাড়িয়া মেরিল বাইপাস এলাকার মৃত বন্দের আলী মিয়ার ছেলে আনোয়ার হোসেন ওরফে লাল (৪০) ।
শালগাড়িয়া এলাকার মসজিদপাড়া ও মেরিল বাইপাস এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে র্যা ব ১২ অভিযান চালিয়ে এই দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করে। র্যা ব ১২ পাবনা ক্যাম্পের কম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস জানান, একজন অস্ত্র ব্যবসায়ী পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া এলাকায় অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে অভিযানে যায় র্যা ব ।
এ সময় উত্তর শালগাড়িয়া মসজিদপাড়া এলাকা থেকে অস্ত্র ব্যবসায়ী মোকাররম হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন, দুটি ছোরা, একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মেরিল বাইপাস এলাকা থেকে তার সহযোগী আনোয়ার হোসেন ওরফে লালকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে আটক দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে ।