
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে পণ্য সহ ট্রাক ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ডাকাতি করা ২টি ট্রাক, ৭৯ ড্রাম ভোজ্য তেল, ২২টি খালি ড্রাম ও ডাকাতি কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে ।
রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকা থেকে গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে ওই ৮ ডাকাতকে গ্রেফতার করা হয়। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে সাংবাদিকদের ওসি মাহমুদুল ইসলাম এ তথ্য জানান ।
তিনি জানান, গত ২০ই সেপ্টেম্বর রাতে রূপগঞ্জে ৬০ ড্রাম ও ২৩শে সেপ্টেম্বর রাতে সোনারগাঁয়ে ৪৫ ড্রাম ভোজ্য তেল ভর্তি দু’টি ট্রাক ডাকাতির ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে কদমতলী ও যাত্রাবাড়ী এলাকা থেকে ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতারের পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে ।
গ্রেফতার ডাকাতরা হলেন- মো. আরিফ হোসেন ওরফে কামাল (২৭), সামাদ (৪০), বেলায়েত হোসেন ওরফে বিল্লাহ (৫৫), নিজাম উদ্দিন ওরফে সোহেল (৩২), আব্দুল বাতেন (৬০), মো. ফারুক (৪০), হাওলাদার (৫৫) ও মো. সাখাওয়াত হোসেন মিলন (৩৩) ।