
নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জয়নগর চেকপোস্ট সীমান্তের মেইন পিলার ৭৬ এর নিকট দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিবি’র কুষ্টিয়া এবং বিএসএফ’র কৃষ্ণনগর সেক্টরের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ, স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে মাদকদ্রব্য পাচার এলাকায় বিজিবি-বিএসএফ যৌথ টহল করাসহ সীমান্তের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক মো. মাহবুবুর রহমান পিএসসি এবং বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন কৃষ্ণনগর সেক্টরের ডিআইজি শ্রী ভানওয়ার লাল মিনা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন- ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. আমির মজিদ, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক এএনএম নজরুল ইসলাম পিএসসি, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মো. তাজুল ইসলাম, দক্ষিণ-পশ্চিম রিজিওন যশোরের স্টাফ অফিসার মোসতাক আহমেদ প্রমুখ।