
নিউজ ডেস্কঃ প্রায় ৩ মাস পর গুলশানের হলি আর্টিজানে হামলাকারী ৫ জঙ্গি ও রেস্তোরাঁর শেফ সাইফুল চৌকিদারের মরদেহ আজ বৃহস্পতিবার দাফন করা হয়েছে। আজ দুপুর ১২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ (সিএমএইচ) মরদেহগুলো মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করে। পরে আঞ্জুমান মুফিদুল ইসলাম মরদেহগুলো জুরাইন কবরস্থানে দাফন করে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লে. কর্নেল রাশিদুল হাসান জানান, গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবীরের কাছে দুপুর ১২টার দিকে ৬টি মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে ৩জন এবং আঞ্জুমান মুফিদুল ইসলামের ৯ জন প্রতিনিধি ছিলেন। ৫ জঙ্গি হলো রোহান ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর এ হায়াৎ কবীর, শফিকুল ইসলাম উজ্জ্বল ও খায়রুল ইসলাম পায়েল।
গত ১ই জুলাই গুলশান ২ এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান রেস্তোরাঁয় কয়েকজন বন্দুকধারী ঢুকে দেশি ও বিদেশি নাগরিকদের জিম্মি করে। রাতভর জঙ্গি হামলায় ১৭ জন বিদেশি, ৩জন বাংলাদেশি ও পুলিশের দুই কর্মকর্তা নিহত হন। পরে কমান্ডো অভিযানে ৫ জঙ্গি ও রেস্তোরাঁর এক কর্মী নিহত হন। এরপর থেকে এ ৬টি মরদেহ সিএমএইচে ছিল। আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মকর্তারা জানিয়েছেন, ৬টি মরদেহ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।