
নিউজ ডেস্কঃ ‘রিইমাজিনিং সাউথ এশিয়া ইন ২০৩০’(‘২০৩০ সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় নতুন ভাবমূর্তি গঠন’) থিমকে সামনে রেখে আগামী ১৫-১৬ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে নবম দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলন।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এই সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং উন্নয়ন অংশীদাররা যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল (বুধবার) বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তাকে এ খবর জানান। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদিন গণমাধ্যমকে জানান, প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
বৈঠকে সিপিডি প্রতিনিধিরা রাষ্ট্রপতিকে জানান, এ সম্মেলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন সুপারিশমালা প্রণয়ন করা। দু’দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের নীতি নির্ধারক, অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ যোগ দেবেন। রাষ্ট্রপতি এ ধরনের সম্মেলনের আয়োজন করায় তাদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের উন্নয়নে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজিএস) অর্জনে অংশগ্রহণকারীদের চিন্তা চেতনা ও গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।