
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু আওয়ামিলীগের নয় বাঙালি জাতির প্রদীপ বলে মন্তব্য করেছেন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ।
কানাডায় ‘ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)’ এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে আগমন উপলক্ষে গণসংবর্ধনার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সামনে শেখ হাসিনাকে এমন বিশেষণে অভিহিত করেন তিনি। ১২ দিনের সফরে গত ১৪ই সেপ্টেম্বর ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে ২৬শে সেপ্টেম্বর বিকেলে দেশে ফিরবেন তিনি ।
সৈয়দ আশরাফ বলেন, এই সফরে অনেক সাফল্যের কারণে আগামী ২৬শে সেপ্টেম্বর বিকেল ৪টায় বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত গণঅভ্যর্থনা দেওয়া হবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাকে শুধু ধন্যবাদ দেওয়ার জন্য আমরা গণঅভ্যর্থনা দেব। আশরাফ বলেন, তিনি এখন শুধু আওয়মিলীগের নয়, বাঙালি জাতির প্রদীপ। তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছি। আশা করি বিপুল সংখ্যক লোক সমাগম করতে পারব ।