
নিউজ ডেস্কঃ সুন্দরবনে ১৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ২৪টি জেলে নৌকাসহ ৪৭ জেলেকে দস্যুরা অপহরণ করে নিয়ে গেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার রাতে ফিরে আসা জেলেরা এ তথ্য জানিয়েছেন। তারা জানান, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাটেশ্বর ও সাপখালী খাল এলাকা থেকে দস্যু নোয়া ভাই বাহিনীর সদস্যরা তাদের তুলে নিয়ে গেছে ।
অপহৃত জেলেদের মধ্যে শামসুর রহমান, আবুল কাসেম ও শাহাদাতের নাম জানা গেছে। তারাসহ অন্যান্য জেলেদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা, ৯ নম্বর সোরা ও নাপিতখালী গ্রামে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে জানান, ২৪টি জেলে নৌকায় করে তারা সুন্দরবনের কাটেশ্বর ও সাপখালী খালে কাঁকড়া ধরছিলেন ।
ভোরে দস্যু নোয়া ভাই বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে জনপ্রতি ৩০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে তাদের সহকর্মীদের তুলে নিয়ে যায়। তারা ৩-৪জন কোন মতে ফিরে আসতে সক্ষম হয়েছেন। এ ব্যাপারে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শোয়েব খান জানান, তিনি এমন কোন অভিযোগ পাননি। তবে, খোঁজ খবর নিয়ে দেখবেন ।