
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের আগামী জাতীয় সম্মেলনের স্লোগান ঠিক করা হয়েছে ‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’।
আজ সোমবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির প্রচার সম্পাদক হাছান মাহমুদ এ তথ্য জানান। ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত প্রচার ও প্রকাশনা উপপরিষদের এক বৈঠক শেষে এ সংবাদ সম্মেলন করা হয়। আগামী ২২ ও ২৩ অক্টোবর সম্মেলনের তারিখ নির্ধারিত আছে।
হাছান মাহমুদ বলেন, সম্মেলনের এই স্লোগান দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। মানুষের হৃদয় জয় করার জন্য উন্নয়নের মহাসড়কের চাকা আরও বেগবান করার লক্ষ্য আওয়ামী লীগের। একই সঙ্গে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষার জন্য নতুন নেতৃত্বের মাধ্যমে তাঁরা মানুষের হৃদয় জয় করতে চান।
প্রচার উপপরিষদের সদস্যসচিব হাছান মাহমুদ জানান, ২০০৬ সালে বিএনপির ক্ষমতা ছাড়ার আগ পর্যন্ত দেশের অবস্থা কোথায় ছিল। ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠনের সময় দেশ কোন জায়গায় ছিল এবং পুনরায় ক্ষমতায় এসে আওয়ামী লীগ কী করেছে, এর একটা তুলনামূলক চিত্র-সংবলিত বুকলেট সরবরাহ করা হবে সম্মেলনে।
হাছান মাহমুদ সংবাদ সম্মেলনে আরও বলেন, সরকার দেশে থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে বদ্ধপরিকর। তাই যখন দেশের বিভিন্ন স্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাস ও জঙ্গিদের গ্রেপ্তার করছে, তখন বিএনপির নেতারা সেসব জঙ্গি-সন্ত্রাসীর হয়ে কথা বলছেন। বলছেন, সরকার নাকি বিএনপিকে দমন করতে চাইছে। প্রকৃতপক্ষে মির্জা ফখরুলসহ বিএনপির অন্যান্য নেতা এসব জঙ্গি-সন্ত্রাসীর পক্ষে কথা বলে প্রমাণ করছেন যে বিএনপিই এদের আশ্রয় ও প্রশ্রয়দাতা।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতা বদিউজ্জামান ভূঁইয়া, অসীম কুমার উকিলসহ প্রচার উপপরিষদের নেতারা উপস্থিত ছিলেন।