News71.com
 Bangladesh
 19 Sep 16, 07:46 PM
 349           
 0
 19 Sep 16, 07:46 PM

ইভটিজিং রোধে কঠোর ব্যবস্থা নিন ।। শিক্ষামন্ত্রী

ইভটিজিং রোধে কঠোর ব্যবস্থা নিন ।। শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইভটিজিং প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতায়াতসহ ছাত্রীদের চলা-ফেরায় সর্বাত্মক নিরাপওা বিধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

শিক্ষামন্ত্রী আজ (সোমবার)বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। সকল শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের সর্বত্র ইভটিজিং প্রতিরোধে করণীয় বিষয় নির্ধারণে এ বৈঠকের আয়োজন করা হয়।

শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, ড. অরুণা বিশ্বাস, চৌধুরী মুফাদ আহমদ, ড. মোল্লা জালাল উদ্দিন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্বে নিয়োজিত) প্রফেসর শামছুল হুদাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে এমনকি শহর এলাকায়ও স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্তকারী ও তাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা অভিভাবকদের বিচলিত করে। সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে ছাত্রীদের ওপর সহিংসতার ঘটনা অনেক কমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘পত্র-পত্রিকায় এখনো সন্ত্রাসীদের হাতে ছাত্রী লাঞ্ছনার খবর আমাদের উদ্বিগ্ন করে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, পিতা-মাতা এবং অভিভাবকগণ মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে ভয়াবহ মানসিক দুশ্চিন্তায় থাকেন। অসহনীয় পরিস্থিতিতে অনেকক্ষেত্রে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দেয়ার খবরও পাওয়া যায়। শিক্ষামন্ত্রী বলেন, নারী শিক্ষা বিস্তারে সরকারের বিভিন্ন কর্মসূচি ফলপ্রসূ করতে সমাজ থেকে ছাত্রী লাঞ্ছনা পুরোপুরি নির্মূল করতে হবে। তিনি বলেন, কেবল আইনের মাধ্যমে এ ধরণের সামাজিক ব্যাধির প্রতিকার সম্ভব নয়। এজন্য প্রয়োজন ইভটিজিং বিরোধী ব্যাপক সামাজিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ।

শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্যসহ সচেতন জনসাধারণ এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন। নিতুর হত্যাকারীর শাস্তি নিশ্চিত করার নির্দেশ : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মাদারীপুরের নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিতু মন্ডল হত্যাকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।তিনি আজ সোমবার মাদারীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে টেলিফোনে এই নির্দেশ দেন। এছাড়াও মন্ত্রী নিতু মন্ডলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন