
নিউজ ডেস্কঃ নাটোরের বাগাতিপাড়ায় মাদকসহ ৫জনকে আটক করেছে মডেল থানা পুলিশ ও নাটোরের গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার চন্দ্রখইর গ্রামের এরশাদ আলীর ছেলে জালাল (৪৫), মাড়িয়া পূর্বপাড়া গ্রামের দুলাল (৪৬) ও তার ছেলে সাদ্দাম (২৫), একই গ্রামের তায়েজ (৫০) এবং পেড়াবাড়িয়া মহলস্নার মজনু (৩৫)। গত রবিবার রাতে পৃথক বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই আব্দুল গাফফারের নেতৃত্বে আধাকেজি গাঁজাসহ সন্ধ্যায় জালালকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। অপরদিকে, মাড়িয়া গ্রামের দুলাল ও তার ছেলে সাদ্দামকে দেড় শ গ্রাম গাঁজা ও একই গ্রামের তায়েজকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ছাড়া অভিযানে মাদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মজনুকে নিজ বাড়ি থেকে আটক করে মডেল থানা পুলিশ।
মডেল থানার ওসি মনিরূল ইসলাম জানান, আটককৃতদের আজ সোমবার সকালে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দাযের করা হয়েছে।