
নিউজ ডেস্কঃ দুই ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৫৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। চসিকের নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণ, পানি ও বিদ্যুৎ, যোগাযোগ, পরিচালনা ও রক্ষনাবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির সভায় মেয়র এ তথ্য জানান। গতকাল নগর ভবনের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
মেয়র জানান, মন্ত্রণালয় অনুমোদিত প্রকল্পগুলো একনেকে উত্থাপনের অপেক্ষায় রয়েছে। এসব প্রকল্প অনুমোদিত হলে নগরীর উন্নয়ন গতিশীল হবে। চসিকের প্রকল্প ছাড়াও নগরীর মন্ত্রী ও সাংসদদের প্রস্তাবনায় প্রায় ২০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প রয়েছে। আ জ ম নাছির উদ্দীন বলেন, ত্রিবার্ষিক পরিকল্পনার আওতায় ৩-৪ হাজার প্রকল্প বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, এডিপি, জাইকাসহ বৈদেশিক সাহায্যপুষ্ট দাতাদের সহযোগিতায় নগরীর অবকাঠামো উন্নয়ন করা হবে। এসব প্রকল্পের মধ্যে দীর্ঘমেয়াদি, আয়বর্ধক প্রকল্প ও খাল খনন প্রকল্প রয়েছে। তিনি বলেন, যানবাহন ও সরঞ্জামাদি ক্রয়, অ্যাসফল্ট প্লান্ট স্থাপন প্রক্রিয়াধীন আছে। নগরীকে বিউটিফিকেশনের আওতায় এনে পরিকল্পিতভাবে বিউটিফিকেশন করা হবে। পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে নাগরিক চাহিদা শতভাগ পূরণ করা হবে।
এদিকে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ অভিযানে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, চসিক বিনামূল্যে নগরবাসীর ঘরে ঘরে বিন বিতরণ করছে। বিনের বিনিময়ে কোনো নাগরিকের কাছে করপোরেশনের কোনো কর্মচারী টাকা-পয়সা দাবি করলে তাকে ধরে সাথে সাথে সিটি করপোরেশনে সংবাদ দেওয়ার জন্য মেয়র অনুরোধ জানিয়েছেন। ৪,৭,৮,১৪,১৫,১৬,২১,২২,২৩,২৪,২৭,২৮,৩১,৩২,৩৬ ও ৩৯ নম্বর ওয়ার্ডে একযোগে বিন বিতরণ ও জরিপ কাজ পরিচালনা এবং বিন বিতরণ শেষে মাইকযোগে প্রচার করে বর্জ্য সংগ্রহ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিয়েছে চসিক।