
নিউজ ডেস্কঃ বরিশালে ফেন্সিডিল হেফাজতে রাখার দায়ে মোসাম্মত তসলিমা নামে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাস দণ্ডাদেশ দেয়া হয়েছে ।
বরিশালের নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম আজ বিকেলে আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তসলিমা সাতক্ষীরার শ্রীরামপুরের নূর আলী গাজীর মেয়ে। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫শে এপ্রিল কোতোয়ালী মডেল থানা পুলিশ নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা থেকে একটি কনটেইনারে ভরা ৭ লিটার ফেন্সিডিলসহ তসলিমাকে আটক করে ।
এ ঘটনায় পর দিন থানার এসআই আসাদুজ্জামান মাদক আইনে একটি মামলা দায়ের করেন। ওই বছর ২৮শে মে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহিউদ্দিন শেখ তছলিমাকে অভিযুক্ত করে আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেন। পরে ট্রাইব্যুনালে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক রায় প্রদান করেন ।