
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ঝাউতলা স্কুলগেট এলাকার একটি জুয়েলারি দোকান থেকে প্রায় অর্ধকোটি টাকার অলঙ্কার চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দিবাগত রাতের কোনো একসময় এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে মালিকপক্ষ ।
সূত্রে জানা গেছে, গতকাল রাতের কোন এক সময় মেসার্স কর্ণফুলী জুয়েলার্স নামের দোকানটির দেয়াল ও সিন্দুক ভেঙে ১১৭ ভরি স্বর্ণালংকার, ৩ কেজি রূপা ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। আজ বিষয়টি মালিকপক্ষের নজরে আসে ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। চোরচক্রের সদস্যদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় খুলশী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।