
নিউজ ডেস্কঃ ৫৫ দিন অনির্দিষ্টকালের বন্ধ শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) খুলছে আগামী ২৫শে সেপ্টেম্বর। আজ বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কমকর্তা এমদাদুল হক সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০শে আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ২৫শে সেপ্টেম্বর রবিবার ক্যাম্পাসের অ্যাকাডেমিক কার্যক্রম চালু হবে। আর আগামী ২৪শে সেপ্টেম্বর থেকে সকল আবাসিক হল খুলে দেয়া হবে ।
তবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল ধরনের সভা, সমাবেশ এবং মিছিল নিষিদ্ধ থাকার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়। গত ১ই আগস্ট ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহ নিহতের ঘটনার পর ওই দিনই অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ।