News71.com
 Bangladesh
 18 Sep 16, 05:16 PM
 318           
 0
 18 Sep 16, 05:16 PM

রানা প্লাজা ধস মামলা ।। পরবর্তী সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১৭ নভেম্বর

রানা প্লাজা ধস মামলা ।। পরবর্তী সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ১৭ নভেম্বর

নিউজ ডেস্কঃ ঢাকার অদূরে সাভারের রানাপ্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১৭ই নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আসামিপক্ষে অভিযোগ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করায় ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান নতুন করে এদিন ধার্য করে।

তার আগে, গত ১৮ই জুলাই ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত। একই সঙ্গে ওই দিন পলাতক ৭ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। চার্জ গঠনের মাধ্যমে আলোচিত এ মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- ভবনটির মালিক সোহেল রানা, তার বাবা আব্দুল খালেক ওরফে কুলু খালেক ও মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার মেয়র আলহাজ রেফাত উল্লাহ, কাউন্সিলর মোহাম্মাদ আলী খান, প্রকৌশলী রফিকুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেলসহ ৪১ জন।

২০১৩ সালের ২৪শে এপ্রিল সাভারে ৯তলা ভবন রানা প্লাজা ধসে পড়লে ১ হাজার ১৩৬ জন মারা যান। আহত হন দেড় সহস্রাধিক। ভবন ধসে প্রাণহানির এ ঘটনায় সে সময় 'অবহেলাজনিত মৃত্যুর' অভিযোগে একটি মামলা করেন সাভার থানার এসআই ওয়ালী আশরাফ। এছাড়া ইমারত বিধি না মানার অভিযোগে রানাসহ ১৩ জনকে আসামি করে সাভার মডেল থানায় আরেকটি মামলা করেন রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল আহমেদ।

এরপর হত্যা ও ইমারত নির্মাণ আইনের মামলা ২টির তদন্ত করে ২০১৫ সালের ১ই জুন পৃথক ২টি চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র এএসপি বিজয় কৃষ্ণ কর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন