
নিউজ ডেস্কঃ ফরিদপুরে দেড় শতাধিক হজ্ব যাত্রীর টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে মাওলানা আহমদ মাশরু নামে এক প্রতারক। হজ্বে যেতে না পেরে ক্ষুব্ধ যাত্রীরা তার বাড়িতে তালা লাগিয়ে দিয়েছে । এ ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুর ১টার দিকে শহরের গোয়ালচামট এলাকার মোল্লাবাড়ি সড়কের মাওলানা মাশরুর বাড়িতে অবস্থিত মাশরু এয়ার ট্রাভেলসে।যাত্রীরা অবিলম্বে ওই প্রতারকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ফরিদপুর জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান,আমরা স্বামী ও স্ত্রী দুজনে মাওলানা আহমদ মাশরুকে আমার পেনশনের টাকা থেকে ৫ লাখ টাকা দিয়েছি। কিন্তু হজ্বে যেতে পারিনি। তিনি দাবি করেন আমার সঙ্গে মাশরু মাওলানা প্রতারণা করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে,শুধু আলমগীর হোসেনই নয়, মাওলনা মাশরুরর প্রতারনার শিকার হয়ে ফরিদপুর ও আশেপাশের এলাকার প্রায় দেড় শতাধিক ব্যক্তি এবার হজ্বে যেতে পারেননি। এদের কাছ থেবে প্রায় ৫ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে মাওলানা মাশরু।
প্রতারণার শিকার হজ্বযাত্রীরা আজ শুক্রবার দুপুরে মাওলানা মাশরুর বাড়িতে তালা লাগিয়ে দিয়েছে।এদিকে প্রতারনার অভিযোগ অস্বীকার করে মাওলানা মাশরুর স্ত্রী তাহেরা বেগম জানান, যদি কেউ টাকা পেয়ে থাকেন তবে তার পাওনা পরিশোধ করে দেওয়া হবে। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ জানান, হজ্বযাত্রীদের সঙ্গে প্রতারণার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।