
নিউজ ডেস্ক: পাবনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ তিন জন যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। গতকাল সোমবার রাত ১০টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মালিগাছায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতরা হলেন, অটোরিকশার চালক পাবনা সদর উপজেলার সাতমাইল গ্রামের রায়হান রাজ (৩০), অটোরিকশার যাত্রী একই উপজেলার বয়রা গ্রামের জালাল হোসেন গফুর (৩৪) এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
পাবনা সদর থানার ওসি আবদুল্লাহ আল হাসান বলেছেন, যাত্রীবাহী একটি বাস পাবনা শহরের দিকে যাওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে অটোরিকশার চালকসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পথে অপর একজন মারা যান। আহত চারজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের ব্রাদার শরিফুল ইসলাম বলেছেন, হাসপাতালে আসা চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন তারা আশঙ্কামুক্ত।