
নিউজ ডেস্ক : দুর্বৃত্তায়িত রাজনীতি দেশকে ধ্বংস ছাড়া অন্য কোনো দিকে নিয়ে যেতে পারে না। আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায়ে হাইকোর্টের পর্যবেক্ষণে এমনটিই ওঠে এসেছে। বুধবার (০৭ সেপ্টেম্বর) হাইকোর্টের দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে।
প্রায় এক যুগে সংঘটিত লোমহর্ষক এই হত্যাকাণ্ডের দণ্ডের রায়ের সঙ্গে আদালত কিছু পর্যবেক্ষণ দিয়েছেন। বাংলায় লেখা রায়ে আদালত বলেছেন, কোনো দ্বিধা ছাড়াই তাই বলা যায় যে, যারা রাজনীতিকে বা দেশের রাজনৈতিক পরিবেশকে কলুষিত করেন, দুর্বত্তায়নের আবর্তে ঠেলে দিতে উৎসাহিত করেন তারাই রাজনৈতিক দুর্বত্তদের শিরোমনি।
দেশ যখন ক্রমেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছে, গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে সকলেরই যখন নিবিষ্ট হওয়া উচিত, সেই সময়ে রাজনীতিতে এই ধরনের দুর্বত্তায়ন কোনভাবেই কাংখিত নয়। দুর্বত্তায়িত রাজনীতি দেশকে ধ্বংস ছাড়া অন্য কোনো গন্তব্যে নিয়ে যেতে পারে না।
চলতি বছর ১৫ জুন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই মামলার আপিলের রায় দেন। রায়ে মোট ২৮ জন আসামির মধ্যে ৬ জনের মৃত্যুদণ্ড বহাল রয়েছে। এছাড়া ৮ জন খালাস যাবজ্জীবন দণ্ড ও ১১ জন খালাস পেয়েছেন। বিচার চলাকালে দুজন মারা যাওয়ায় তাদের মামলা নিস্পত্তি করে দেওয়া হয়েছে। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামি পলাতক থাকায় আপিল করেননি।
এই হত্যাকাণ্ডকে ইতিহাসের জঘন্যতম ঘটনা আখ্যা দিয়ে আদালত বলেন, এই হত্যাকাণ্ড নিঃসন্দেহে জঘন্যতম ও কাপুরুষোচিত ঘটনা। এই নির্মম ঘটনা কেবল ঘটনার শিকার ব্যক্তিদের প্রাণ কেড়ে নেয়নি রক্তাক্ত করেছে সভ্য সমাজকে, মানুষের সুস্থ চেতনাকে, মানবতাকে।
বাংলাদেশের ইতিহাসে এ ধরনের পৈশাচিক সুসংগঠিত হত্যাকান্ড অতীতে খুব কমই সংঘটিত হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক দুর্বৃত্তায়নের স্পষ্ট চিত্র প্রতিফলিত হয়েছে।
দিবালোকে এ ধরনের হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা রাজনৈতিকভাবে সহিংস ও বেপরোয়া ছিল বলেও আদালতের রায়ে উল্লেখ করা হয়। আদালত বলেছেন, প্রকাশ্য দিবালোকে জনসভাস্থলে সংঘটিত এই আক্রমন পরিচালনায় অভিযুক্তরা কোন মুখাবরণও (মাস্ক) ব্যবহার করেনি। এটি অভ্রান্ত ভাবে ইংগিত করে যে, অপরাধ সংঘটনকারী হিসেবে চিহ্নিত হওয়ার কোন ভয় বা শংকা তাদের ছিল না। তারা নিশ্চিত ছিল যে, চিহ্নিত হলেও দলীয় সুরক্ষায় ও পৃষ্ঠপোষকতায় তারা আইনের বাইরেই থেকে যাবে। তাদের এই আচরণ প্রমান করে যে, তারা কতটা বেপরোয়া ও সহিংস ছিল। চরম বেপরোয়া উশৃংখল রাজনৈতিক দুর্বত্তরাই কেবল এ ধরনের শক্তির ধারণ ও চর্চা করতে পারে।
আর এ ধরনের রাজনীতি চলতে থাকলে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির চর্চা ও বিকাশ বাধাগ্রস্ত হতে পারে আদালতের রায়ে ওঠে এসেছে।