News71.com
 Bangladesh
 11 Sep 16, 12:07 PM
 320           
 0
 11 Sep 16, 12:07 PM

দুই ঘণ্টা পর ছাড়লো পারাবত এক্সপ্রেস।।

দুই ঘণ্টা পর ছাড়লো পারাবত এক্সপ্রেস।।

নিউজ ডেস্কঃ নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর ছেড়েছে পারাবত এক্সপ্রেস। ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার পর ফের ঢাকা থেকে রেল চলাচল শুরু হয়েছে। আর স্টেশনে জট লাগা ট্রেনগুলো ছাড়তে শুরু করেছে। আজ রবিবার সকাল ৭টায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের দুটি কোচের (কোচ নং ১০২৩ ও ১০১১) এয়ার প্রেসার ব্রেক আউট হয়ে যাওয়ার কারণে রেলের শিডিউলে সমস্যা শুরু হয়। এরপর পারাবতের পেছনে আটকা পড়ে সকাল ৭টায় কমলাপুর ছেড়ে আসা সোনারবাংলা এক্সপ্রেস। তেজগাঁও স্টেশনে বসে থাকে তিস্তা এক্সপ্রেস। আর কমলাপুর থেকে কোনো ট্রেনই দুই ঘণ্টায় ছাড়তে পারেনি। দুই ঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় পারাবতের এয়ার প্রেসার ব্রেক ঠিক করে দেওয়ার পর ফের ট্রেন ছেড়ে যেতে শুরু করে।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, পারাবত ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ভ্যাকুয়াম সমস্যার কারণে আটকে থাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়ার লাইন ব্লক হয়ে যায়। এ কারণে তিস্তা তেজগাঁওয়ে ও সোনারবাংলা বিমানবন্দরে আটকে পড়ে। এছাড়া আরও ৭টি ট্রেন কমলাপুরে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।

বিমানবন্দরে রেলওয়ে স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, পারাবত ট্রেনের ছাদে অবৈধভাবে যাত্রী উঠে বাতাস যাওয়ার কারণে পাইপা এয়ার প্রেসার ব্রেক নষ্ট করে ফেলে‌ছিলো, যে কারণে সমস্যা হয়।

বিমানবন্দর রেলওয়ে সূত্র জানিয়েছে, ছাদে যাত্রী উঠে যাওয়ায় কারণেই পারাবতের এয়ার প্রেসার ব্রেক আউট হয়ে যায়। তবে এ ব্যাপারে কিছু জানায়নি রেলওয়ে কর্তৃপক্ষ। গত ২ সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ান নতুন কোচ নিয়ে চলাচল শুরু করে পারাবত। এই প্রথম ট্রেনটি বিকল হয়ে দুই ঘণ্টা দেরি করে বিমানবন্দর ছাড়লো।

অপরদিকে, লাইন ব্লক হয়ে যাওয়া কমলাপুরে যাত্রী ভিড়ে ঠাসা হয়ে পড়ে। সব প্লাটফমে ট্রেন ছেড়ে যাওয়ার অপেক্ষা করতে থাকে। তবে শিডিউল জটিলতায় ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। পরে পৌনে ১০টার দিকে ট্রেনটি কমলাপুর ছাড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন