
নিউজ ডেস্কঃ গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর বিসিক শিল্প নগরীতে টাম্পাকো ফয়েলস লিমিটেড কারখানায় বয়লার বিস্ফোরণে লাগা আগুন প্রায় ২৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও সকাল ১০টার দিকে ওই কারখানা থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখা গেছে।
আজ সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জরিুল আমিন মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে রয়েছে। পুরোপুরি নিভে গেলে ডাম্পিংয়ের কাজ শুরু হবে।
অপরদিকে, বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের পরে ৫ তলা ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। এটি যে কোনো সময় ধসে পড়তে পারে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা ধারনা করছেন। শনিবার সকাল থেকেই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করতে থাকে। এরপর আস্তে আস্তে ইউনিটের সংখ্যা বাড়াতে থাকে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কর্মকর্তরা জানান, যখন আগুন কম ছিল তখন ভেতরে অনেক কাগজ, রোল মজুদ থাকতে দেখা গেছে। কিছু ফুয়েলও ছিল। বিভিন্ন কারখানায় অ্যামোনিয়াম জাতীয় গ্যাস সংরক্ষণ করে রাখা হয়। কিন্তু এখানে এ ধরনের গ্যাস ছিল কিনা তা এখনও শনাক্ত করা যায়নি। তবে এখানে এমন কিছু কেমিকেল ছিল যা বিস্ফোরণে সহায়তা করেছে।