
নিউজ ডেস্ক: আনসারুল্লাহ বাংলা টিমের গাজীপুর জেলার প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম শাওনসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব। আজ শনিবার সকালে গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব।
র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেছেন, ''গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর চৌরাস্তা এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম শাওনসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছেন, তাদের নেতা মুফতি জসিম উদ্দিন রাহমানীকে কাশিমপুর কারাগার থেকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল তাদের।''
আনসারুল্লাহর আমির মুফতী জসিম উদ্দিন রাহমানী ব্লগার, লেখক ও প্রকাশকসহ বিভিন্ন হত্যার ঘটনায় উস্কানীদাতা হিসেবে গ্রেফতার হয়ে কাশিমপুর কারাগারে আটক রয়েছেন। এছাড়াও ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি তিনি।