
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ দিনের সরকারি সফরে কানাডা ও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এ জন্য আগামী ১৪ই সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে আজ এ তথ্য জানিয়েছে ।
ইহসানুল করিম জানান, 'ফিফথ রিপ্লেনিসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ) সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ৪দিন কানাডা সফর করবেন। এরপর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদানের উদ্দেশে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন ।
এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধের লক্ষ্যে ১৬ ও ১৭ই সেপ্টেম্বর কানাডার কুইবেকে ‘জিএফ’ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে, ‘জিএফ’-এর এক বিবৃতিতে বলা হয়েছে, এই সম্মেলনে ২০৩০ সাল নাগাদ বিশ্বের ৩টি সবচেয়ে ক্ষতিকারক ও দুরারোগ্য ব্যাধি- এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়ার বিস্তার ঠেকাতে বিশ্বনেতারা উদ্যোগ গ্রহণ করবেন ।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে ১৪ই সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীরা লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। একই দিন লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাবে। ব্রিটেনের রাজধানীতে সারা রাত যাত্রাবিরতির পর ১৫ই সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে ফ্লাইটটি লন্ডন থেকে কানাডার মন্ট্রিলের উদ্দেশে যাত্রা করবে বলে জানা গেছে ।