News71.com
 Bangladesh
 09 Sep 16, 07:09 PM
 357           
 0
 09 Sep 16, 07:09 PM

সাভারে কমিউনিটি পুলিশ পরিচয়ে বাসে ডাকাতি ।।

সাভারে কমিউনিটি পুলিশ পরিচয়ে বাসে ডাকাতি ।।

নিউজ ডেস্কঃ কমিউনিটি পুলিশ পরিচয়ে গাজীপুরের চন্দ্রা থেকে সাভারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে যাত্রীদের সর্বস্ত্র লুট করেছে ডাকাতরা। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাত ও পিটুনিতে আহত হয়েছে অন্তত ২৫ বাসযাত্রী। আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসযাত্রীরা জানায়, আজ শুক্রবার ভোর ৫টার দিকে এম কে নিউ লাইন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস চন্দ্রা থেকে মিরপুর, আব্দুল্লাহপুর হয়ে সাভারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় যাত্রীরা মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে যে যার গন্তব্যে আসার জন্য বাসে ওঠেন। বাসটি বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার তুরাগ এলাকায় পৌঁছলে বাসে থাকা যাত্রীবেশী ডাকাতরা  অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ছিটের সাথে হাত পা বেঁধে নগদ টাকা, মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুটপাট করে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসষ্ট্যান্ডে রেখে ড্রাইভারসহ পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ওই বাসের ভিতরে যাত্রীদের গোঙ্গানী শুনে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের হাত পা খুলে আহত অবস্থায় উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত জড়িত সন্দেহ কাউকে আটক করতে পারেনি।

বাসের এক যাত্রী মুরাদ বলেন, কমিউনিটি পুলিশ পরিচয় দিয়ে  ১০/১২ জন ডাকাত এসে গাড়িতে উঠে অস্ত্র ঠেকিয়ে লুটপাট করে চলে গেছে। স্বপন নামে  কাতার থেকে বাংলাদেশে ঈদের ছুটিতে আসা এক যাত্রী বলেন, বাড়ির লোকজনের জন্য যা যা এনেছিলাম, সব ডাকাতরা নিয়ে গেছে। গাড়ির সুপার ভাইজার আব্দুল লতিফ বলেন, ডাকাতদের গায়ে কমিনিটির পুলিশ লেখা ছিল।

এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান সংশ্লিষ্ট ঘটনা নিশ্চিৎ করে বলেন, যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিটের সাথে হাত-পা বেঁধে নগদ টাকা, মোবাইল ফোনসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করা হয়েছে। আহতদের  উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজামান বলেন, বাসে ডাকাতির কথা শুনেছি। আশে পাশে গামের্ন্টস কারখানার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত করে ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন