News71.com
 Bangladesh
 09 Sep 16, 07:07 PM
 328           
 0
 09 Sep 16, 07:07 PM

যাত্রা স্বস্তিদায়ক করতে সর্বাত্মক চেষ্টা চলছে : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।।

যাত্রা স্বস্তিদায়ক করতে সর্বাত্মক চেষ্টা চলছে : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।।

নিউজ ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে সব রকমের চেষ্টা চলছে।

আজ শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুর সিটি করপোরেশনের সারাব এলাকায় একটি পাতালপথ (আন্ডারপাস) উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের সামনে কালিয়াকৈর-নবীনগর সড়কে ওই পাতালপথের উদ্বোধন করা হয়।

মন্ত্রী বলেন, ঈদে ঘরমুখী মানুষকে স্বস্তি দিতে সব রকমের চেষ্টা চলছে। যানজট নিরসনে পুলিশের সঙ্গে স্কাউট, কমিউনিটি পুলিশ কাজ করছে। প্রধানমন্ত্রীও নিয়মিত এসবের খোঁজখবর রাখছেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এবার ঈদে ঘরমুখী মানুষের যাত্রা পুরোপুরি স্বস্তিদায়ক করতে পারব—এমন আশ্বাস দিচ্ছি না। তবে যাত্রা স্বস্তিদায়ক করতে সর্বাত্মক চেষ্টা করব।’

ওবায়দুল কাদের বলেন, রাস্তাঘাটে শৃঙ্খলার অভাব একটা বড় সমস্যা। কারও ধৈর্য নেই। অনেকে উল্টো পথে গাড়ি চালান। এসব কারণে মহাসড়কে যানজট আরও বেড়ে যায়।

তিনি বলেন, পুলিশকে বলা হয়েছে, উল্টো পথে যারাই যাবেন, তিনি মন্ত্রী হন, আর ভিআইপি হন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ঈদুল আজহা তাদের জন্য চ্যালেঞ্জিং। কারণ, এ সময় সড়কের পাশে কোরবানির পশুর হাট বসে। মহাসড়কে ফিটনেস বিহীন পশুবাহী ট্রাক চলে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসব বিষয় দেখার জন্য জেলা প্রশাসন ও পুলিশকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন