
নিউজ ডেস্কঃ টানা ৮ দিনের ছুটির ফাঁদে পড়েছে আখাউড়া স্থলবন্দর। এতে ভারতের ত্রিপুরা রাজ্যসহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার থেকে এ ছুটি শুরু হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের কাস্টমস সহকারী শুল্ক কর্মকর্তা মো. আব্দুল আজিজ জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল ১০ সেপ্টেম্বর রোববার থেকে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
অপরদিকে শুক্রবার এবং ঈদের পর ১৬ সেপ্টেম্বর শুক্রবার এমনিতেই সাপ্তাহিক বন্ধ থাকবে। ফলে মোট ৮ দিনের ছুটি থাকবে। ১৭ সেপ্টেম্বর শনিবার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তা এসআই মো.ফরিদ উদ্দিন বলেন, আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দরে ঈদ উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশনের কার্যক্রম ও দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।