News71.com
 Bangladesh
 09 Sep 16, 02:36 PM
 298           
 0
 09 Sep 16, 02:36 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ।।

নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছেন যাত্রীরা। কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে মেঘনা গোমতী সেতুর গজারিয়া অংশ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট রয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে এই যানজট সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে দাউদকান্দির স্বল্পপেন্নাই এলাকা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট দেখা যায়।

শুক্রবার সকাল ৯টার দিকে দাউদকান্দির কানড়ায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিভিন্ন পরিবহনের বাসের চালকরা জানান, তিন দিন ধরে দাউদকান্দির গৌরীপুর থেকে সোনারগাঁওয়ের মেঘনা সেতুর পশ্চিম প্রান্ত পর্যন্ত যানজট লেগে আছে। প্রায় ৩০ কিলোমিটার পথ পার হতে চার থেকে আট ঘণ্টা সময় লাগছে। ট্রাফিক পুলিশের অবহেলার কারণে এই যানজটের সৃষ্টি বলে চালকরা মনে করেন।


ঢাকা থেকে চট্টগ্রামগামী এক যাত্রী জানান, গতকাল দিবাগত রাত ৩টার দিকে ঢাকার যাত্রাবাড়ী থেকে বাসে উঠেছেন। আজ সকাল ‌৯টার দিকে দাউদকান্দির গৌরীপুরে পৌঁছেছেন। এক ঘণ্টার পথ পার হতে ছয় ঘণ্টা লেগেছে। কুমিল্লাগামী সবজি বোঝাই পিকআপের চালকও একই কথা জানান।
চাঁদপুরের কচুয়ার বালিগাঁওয়ের যাত্রীরা বলেন, ঢাকা থেকে লোকাল বাসে দাউদকান্দির গৌরীপুর পৌঁছাতে আট ঘণ্টা সময় লেগেছে।


দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশের এসআই রফিকুল ইসলাম বলেন, ওভারলোড গাড়িগুলো ধীরগতিতে মেঘনা ও মেঘনা-গোমতী সেতুতে উঠছে। ঈদকে সামনে রেখে মহাসড়কে অতিরিক্ত ও এলোপাতাড়ি যানবাহন চলছে। এসব কারণেই এতো যানজট।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহজামান রাজ বলেন, যানজট নিরসনে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন