
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের পাঞ্চলাইশ এলাকার আরাকান হাউজিং সোসাইটি এক বাসার টয়লেট থেকে ইকবাল হোসেন চৌধুরী (৫৬) নামে এক কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাঁশখালীর সাধনপুরের মৃত মোহাম্মদ হোসেন চৌধুরীর ছেলে। গতকাল সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয় ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঞ্চলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) জাহাঙ্গীর আলম জানান, ‘তিনি পাহাড়তলী কলেজের শিক্ষক এবং পরিবার নিয়ে এ এলাকায় বাস করেন। তার স্ত্রী রাঙ্গুনিয়া কলেজের শিক্ষিকা এবং তাদের মেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি আরও জানান, ‘নিহতের শরীরে কয়েকটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বাড়ির টয়লেটের হাত-পা বাঁধা অবস্থায় তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে ।
এসি জাহাঙ্গীর জানান, ‘বিকেলে পরিবারের সদস্যরা দেখতে পান তার ঘরের দরজা এবং জানলা ভেতর থেকে বন্ধ করা। পরে দরজা ভেঙে তারা ভেতরে প্রবেশ করে কারও উপস্থিতি দেখতে পাননি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টয়লেটে লাশ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত পরীক্ষা নিরীক্ষা করেছে। পরে সেখানে ঘটনার সঙ্গে সম্পর্কিত সন্দেহজনক ক্লু পেয়েছে ।