
নিউজ ডেস্কঃ সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের শ্যালার ৪ এলাকায় জেলেবহরে হামলা চালিয়ে ২০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে দস্যু সাগর বাহিনী। আজ সকালে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে. ফরিদুজ্জামান।
তিনি জানান, সুন্দরবনকেন্দ্রিক বঙ্গোপসাগরের দস্যু সাগর বাহিনীর লোকজন গতকাল রাতে পৃথকভাবে হামলা চালিয়ে এসব জেলেদের অপহরণ করে ও লুটপাট চালায়। তবে কয়টি ট্রলার নিয়ে গেছে তা জানা যায়নি। তিনি আরো জানান, এ খবর পেয়েই কোস্টগার্ড সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেছেন।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত কয়েকদিন ধরে সাগর বাহিনী ট্রলার মালিকদের কাছে মোবাইল ফোনে আগাম টাকা চেয়ে আসছিল। টাকা না দেওয়ায় ওই জেলেদের অপহরণ করা হয়েছে বলে তিনি মনে করেন।