
নিউজ ডেস্কঃ ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী ইউনিক সার্ভিসের একটি বাস খাদে পড়ে হোসেন আলী জয় ওরফে বাবু (২১) নামে এক হেলপার নিহত হয়েছেন। আজ শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে সীতাকুণ্ড উপজেলা কার্যালয়ের সামনে তেলবাহী লরিকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু ঢাকার যাত্রাবাড়ী কোনাপাড়ার শাহজালাল সড়কের ফজর আলীর ছেলে।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক আশরাফ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে তেলবাহী লরির পেছনে পেছনে ইউনিক সার্ভিসের একটি বাস আসছিল। সীতাকুণ্ড উপজেলা কার্যালয়ের সামনে বাসটি তেলবাহী লরিকে ওভারটেক করতে গেলে দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি খাদে পড়ে যায়। এ সময় বাসের হেলপার বাবু লাফ দিলে তার মাথা পিষ্ট হয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
লরিটি আটক করা হয়েছে এবং দুটি গাড়ির চালকই পলাতক রয়েছে বলে জানান তিনি।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুত্বর আহতও হয়েছেন।