
নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় মতিয়ার (২৮) ও জলি খাতুন (৪০) নামে দুইজনের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শনিরআখরা এলাকার ব্রিজের পূর্ব দিক দিয়ে গরু নিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন মতিয়ার রহমান। এসময় দ্রুতগতির একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
অপরদিকে, রাতে জলি খাতুন তার স্বামী সোলাইমানের সঙ্গে যাত্রাবাড়ী এলাকায় রিকশায় যাচ্ছিলেন। এসময় যাত্রীবাহী একটি বাস রিকশাটিকে ধাক্কা দিলে জলি রিকশা থেকে ছিটকে বাসের নিচে পড়ে গুরুতর আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান ঘটনা দুটির সত্যতা নিশ্চিৎ করেছেন।