
নিউজ ডেস্কঃ সাময়িকভাবে তিন দিনের জন্য বন্ধ হচ্ছে জালালাবাদ গ্যাসক্ষেত্রের উত্পাদন। উত্পাদনের পরিমাণ বিবেচনায় দেশের তৃতীয় বৃহত্তম এ গ্যাসক্ষেত্রটি রক্ষণাবেক্ষণের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। এরপর দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র বিবিয়ানা ও মৌলভীবাজার ক্ষেত্রও সাময়িক বন্ধ করা হবে।
পেট্রোবাংলা এবং এই তিনটি গ্যাসক্ষেত্র পরিচালনাকারী ও ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাপক শেখ জাহিদুর রহমান বলেন, রক্ষণাবেক্ষণের জন্য জালালাবাদ গ্যাসক্ষেত্রটি ১৪ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ১৭ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত বন্ধ থাকবে।
এ বিষয়ে পেট্রোবাংলার ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ঈদুল আজহার সরকারি বন্ধের সময় শেভরন বিবিয়ানা, জালালাবাদ ও মৌলভীবাজার গ্যাসক্ষেত্রের উত্পাদন বন্ধ করে রক্ষণাবেক্ষণের কাজের পরিকল্পনা করে। এই তিন গ্যাসক্ষেত্র থেকে দেশের সিংহভাগ গ্যাস উত্পাদিত হয়। যাতে গ্যাস সঙ্কট না হয় সেজন্য একটি একটি করে গ্যাসক্ষেত্র বন্ধ রাখা হচ্ছে।