
নিউজ ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকাগামী যাত্রীবাহী বাস থেকে ১০ বছরের অপহৃত শিশু রাকিব মিয়াকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী আলমগীর কবীরকে (৩৫) আটক করা হয়। রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। আটক আলমগীর কবীর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আরিপপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে। অপহৃত শিশু রাকিব একই গ্রামের হেলাল মিয়ার ছেলে। রাকিব আরিপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিৎ করে বলেন, বৃহস্পতিবার বিকেলে রংপুরের মিঠাপুকুর থেকে শিশু রাকিবকে কৌশলে অপহরণের পর আলমগীর বাসে করে ঢাকা যাচ্ছিল। কিন্তু আলমগীরের গতিবিধি দেখে বাসের যাত্রীদের সন্দেহ হয়। পরে বিষয়টি তারা পুলিশকে জানায়। বাসটি পলাশবাড়ী বাসস্ট্যান্ডে পৌঁছিলে শিশু রাকিবকে উদ্ধার করা হয়। এসময় আলমগীরকেও আটক করা হয়।
তিনি আরো জানান, আটক আলমগীর রাকিবের দূর সম্পর্কের আত্মীয় হয়। এর আগেও আলমগীর রাকিবকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল। পরে দুই লক্ষ টাকা দিয়ে রাকিবকে উদ্ধার করে পরিবারের লোকজন। উদ্ধার হওয়া শিশু রাকিব ও আটক আলমগীরকে পলাশবাড়ী থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। শুক্রবার সকালে আলমগীরকে আদালতে পাঠানো হবে।