News71.com
 Bangladesh
 07 Sep 16, 06:44 PM
 296           
 0
 07 Sep 16, 06:44 PM

তিনটি পৃথক মামলায় খালেদা জিয়া সহ ৮৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র।।

তিনটি পৃথক মামলায় খালেদা জিয়া সহ ৮৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র।।

নিউজ ডেস্কঃ বাসে আগুন দেওয়ার তিনটি পৃথক মামলায় খালেদা জিয়াসহ ৮৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আজ বুধবার (০৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এসব মামলার অভিযোগপত্র আমলে নেন। আদালত পলাতক ৭২ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বিশেষ ক্ষমতা আইনে দারুস সালাম থানায় এসব মামলা দায়ের করা হয়। বিচারক আগামী ১৮ অক্টোবর এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী মো.সানাউল্লাহ মিয়া খালেদার জিয়ার পক্ষে আদালতে পৃথক তিনটি সময়ে জামিনের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন। এই একই আদালত থেকে গত ১০ আগস্ট খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন নেন। গত বছর ২ ফেব্রুয়ারি বিএনপিসহ ২০ দলীয় ঐক্যজোটের হরতাল অবরোধ চলাকালীন সময়ে দারুল সালাম থানাধীন এপেক্স শোরুমের সামনে দুষ্কৃতকারীরা নিউ পল্লবী এক্সপ্রেস নামে একটি বাসে আগুন দেয়। এ ঘটনায় দারুস সালাম থানা এস আই মো.আবদুর রাজ্জাক বাদী হয়ে ২৯ জন এজহারনামীয় আসামী এবং অজ্ঞাতনামা আরো অনেকের নামে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম থানার এসআই মো. রায়হানুজ্জামান এ বছরের ১৪মে খালেদা জিয়া ও আমানুল্লাহ আমানসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এছাড়াও গত বছরের ২৩ ফেব্রুয়ারি দারুস সালাম থানাধীন এবি ব্যাংকের সামনে ইতিহাস নামে একটি বাসে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় দারুস সালাম থানার এসআই মো. কামরুল হাসান ২২ জন এজহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও অনেকের নামে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম থানার এসআই  মো. রায়হানুজ্জামান এ বছরের ১৪ মে খালেদা জিয়া ও আমানুল্লাহ আমানসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।

অপর মামলাটির অভিযোগপত্রে বলা হয়েছে, গত ২৯ জানুযারি বিএনপিসহ ২০ দলীয় ঐক্য জোটের হরতাল অবরোধ চলাকালীন সময়ে দুষ্কৃতকারীরা প্রজাপতি নামে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় দারুস সালাম থানার এসআই আনোয়ার হোসেন ২৫ জন এজহারনামীয় এবং অজ্ঞাতনামাসহ আরও অনেকের নামে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম থানার এস আই মো.জুবায়ের হোসেন খালেদা জিয়াসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ তিন মামলায় খালেদা জিয়া ও আমানুল্লাহ আমানসহ ১২ জন জামিনে আছেন। বর্তমানে ৭২ জনের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তাদের মধ্যে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, সাবেক সংসদ সদস্য সৈয়দা পাপিয়া আশরাফি, সাবেক ছাত্রদল সুলতান সালাউদ্দিন টুকু ও হাবিব উন নবী খান সোহেলও রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন