News71.com
 Bangladesh
 05 Sep 16, 08:34 PM
 343           
 0
 05 Sep 16, 08:34 PM

হাসপাতালের নিরাপত্তায় সশস্ত্র প্রহরী নিয়োগের সিদ্ধান্ত ।।

হাসপাতালের নিরাপত্তায় সশস্ত্র প্রহরী নিয়োগের সিদ্ধান্ত ।।

নিউজ ডেস্কঃ দেশের সকল হাসপাতাল ও চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র প্রহরী নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ১ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত গ্রহণ করে। গত ১৪ আগস্ট স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা ও চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা মোট ১৫ দফা সুপারিশ করে। পরে সে সুপারিশ বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্ত নেয়।


জানা যায়, সভায় ঢাকা স্যার সলিমুল্লাহ, দিনাজপুর, সিলেট এম এজি ও কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা স্ব-স্ব প্রতিষ্ঠানের বর্তমান কী কী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ও কী কী ব্যবস্থা গ্রহণ করা যায় সে ব্যাপারে পরামর্শ ও প্রস্তাবনা রেখে বক্তব্য দেন। এছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক, ন্যাশনাল কিডনি ডিজিজেজ অ্যান্ড ইউরোলজি, ঢামেক, শহীদ সোহরাওয়ার্দী, বগুড়া, সিলেট, ক্যান্সার, মানসিক, হৃদরোগ, ময়মনসিংহ, রাজশাহী, চট্টগ্রাম, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স, বিএসএমএমইউ, বক্ষব্যাধি হাসপাতালের পরিচালকরা বক্তব্য রাখেন।


সভায় উপস্থিত একাধিক হাসপাতাল ও চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা জানান, সম্প্রতি জঙ্গি হামলা ঘটনায় সাধারণ মানুষের মতো তারাও শংকিত। সরকারি হাসপাতালের আউটডোরে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসে। এছাড়া ইনডোরেও শত শত রোগী ভর্তি থাকে। অসুস্থ রোগীদের সঙ্গে দেখা করতে স্বজন ও শুভাকাঙ্ক্ষীরাও আসেন। ফলে যে কোনো সময় জঙ্গি হামলার আশঙ্কা রয়ে যায়। এ কারণে তারা সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণের পরামর্শ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন