News71.com
 Bangladesh
 05 Sep 16, 08:33 PM
 315           
 0
 05 Sep 16, 08:33 PM

দুই হাজার শ্রমিক নিয়োগের অনুমোদন ।।

দুই হাজার শ্রমিক নিয়োগের অনুমোদন ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগে দুই হাজার শ্রমিক নিয়োগের প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে এ জন্য দুটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব খলিল আহমদ স্বাক্ষরিত অনুমোদনের চিঠি গতকাল রবিবার (০৪ সেপ্টেম্বর) পেয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।


এতে করে ঘরে ঘরে গিয়ে (ডোর টু ডোর) বর্জ্য সংগ্রহ কার্যক্রমে গতিশীলতা আসবে বলে মনে করছেন সিটি করপোরেশনের কর্মকর্তারা। তবে নগরের ৪১টি ওয়ার্ডের প্রতিটিতে দুজন করে মোট ৮২ জন কর্মচারী নিয়োগে সিটি করপোরেশনের প্রস্তাব অনুমোদন দেয়নি মন্ত্রণালয়।


সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ১ আগস্ট ঘরে ঘরে গিয়ে সরাসরি বর্জ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এই কার্যক্রম বাস্তবায়নে পরিচ্ছন্নতা বিভাগের তৃতীয় শ্রেণির বিভিন্ন পদে ৩৫ জন এবং চতুর্থ শ্রেণির শ্রমিক পদে ২ হাজার জন নিয়োগের জন্য গত ২০ ও ২২ জুলাই জাতীয় ও স্থানীয় দৈনিকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে অনুমোদন না নিয়ে নিয়োগ-প্রক্রিয়া শুরু করায় তা গত ৩১ জুলাই স্থগিত করে দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে পরিচ্ছন্ন বিভাগে দুই হাজার হাজার শ্রমিক ও ৪১টি ওয়ার্ডে দুজন করে মোট ৮২ জন কর্মচারী নিয়োগের অনুমোদন চেয়ে গত ১ আগস্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় সিটি করপোরেশন।


সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আবুল হোসেন আজ সোমবার বলেন, ‘ঘরে ঘরে গিয়ে সরাসরি বর্জ্য সংগ্রহ কার্যক্রমের জন্য দৈনিক ভিত্তিতে দুই হাজার শ্রমিক নিয়োগের বিষয়টি মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এ সংক্রান্ত চিঠি গতকাল রোববার পেয়েছি। এখন খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হবে।’


শ্রমিক নিয়োগে মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দুটি শর্ত হচ্ছে, শ্রমিকদের পরিচ্ছন্ন বিভাগের কাজ ছাড়া অন্য কোনো কাজে নিয়োজিত করা যাবে না। সিটি কর্পোরেশনে দৈনিক ভিত্তিতে কর্মরত সকল শ্রমিকের তথ্য এক মাসের মধ্যে এবং বর্তমান অনুমোদন করা শ্রমিকদের তথ্য নিয়োগ দেওয়ার এক মাসের মধ্যে মন্ত্রণালয়ে পাঠাতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন